তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাপানিয়ায় অনুষ্ঠিত হয়েছে হাপানিয়া প্রিমিয়ার লিগ (এইচপিএল) সিজন-১। শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাপানিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনালে ভগবানপুর থ্রি স্টার একাদশ ২২ রানের ব্যবধানে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নেয়।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভগবানপুর থ্রি স্টার একাদশ নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্স নির্ধারিত ১০ ওভারে ১৭০ রান করতে সক্ষম হয়। ফলে ২২ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভগবানপুর থ্রি স্টার একাদশ।
খেলা শেষে ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম সরকার (সাজু)-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন শিকড় হাউজিং অ্যান্ড বিল্ডার্স এবং বন্ধন হাসপাতাল, বগুড়ার চেয়ারম্যান ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সভাপতি আলহাজ শহিদুজ্জামান খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে মাদকের বিস্তার এবং স্মার্টফোননির্ভর ইন্টারনেট আসক্তি তরুণ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ অধ্যক্ষ জাহিদুল ইসলাম মণ্ডল, হাপানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিরুল ইসলাম কাদের, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, শিক্ষাবিদ ফিরোজ কবির, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বগুড়া থেকে আগত রুবেল ও আলী আব্বাস।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম আসরের সফল সমাপ্তি ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।






