কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার বলিরপাড়ায় বন্যার পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিরপাড়া এলাকার বাসিন্দা নাছিরের ২১ মাস বয়সী সন্তান শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের বন্যার পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। প্রতিবেশীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, টানা বর্ষণ ও বন্যার কারণে পেকুয়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে রয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার এবং বন্যার পানির আশপাশে তাদের একা চলাচল করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়রা জানান, বন্যাকবলিত এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারগুলোর আরও সতর্ক হওয়া জরুরি।







