সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯২ বোতল অফিসার চয়েজ মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে দোয়ারাবাজার থানার এসআই (নি:) মোঃ আঃ ছালাম ও এসআই (নি:) মুহিব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আনোয়ারপুর এলাকায় বিল্লাল মেকারের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তার মোড় থেকে ৯২ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফয়জুর রহমান (২৩), পিতা-মৃত ছায়েদ আলী, সাং-ইসলামপুর, ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়ন, থানা-দোয়ারাবাজার, সুনামগঞ্জ এবং মোঃ আল আমিন (২৫), পিতা-মৃত আব্দুল কুদ্দুছ, সাং-দর্পগ্রাম (বায়ানগাঁও), থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে দোয়ারাবাজার থানার আওতাধীন এলাকায় অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।







