বগুড়া সদর উপজেলার বানদিঘী, এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে “মাহী চানাচুর” কে ১ লাখ এবং “রুচি ফুড” কে ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা।
অদ্য ১৫-০১-২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানা দুটিতে-
১. ২-৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করতে দেখা য়ায়;
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে নোংরা পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়।
৩. অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করতে দেখা যায়।
৪. বিএসটিআই সহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়।
৫. মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কীকরণ করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহরাব হোসেন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় “মাহী চানাচুর” কে ১ লাখ এবং “রুচি ফুড” কে ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম।
জনস্বার্থে অভিযান চলমান থাকবে।