সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং কিশোরীসহ ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মে) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা দিলারা বেগম মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় নাতনি হাবিবা আক্তার ও ছেলের বউ সাজনা বেগম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দিলারা বেগমের নাতনি হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
হাবিবা ও তার মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।
ঘটনার খবর পেয়ে এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।