মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে তাঁর অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর।
সোমবার সকালে ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী উন্নত চিকিৎসা ও জামিন চেয়ে আবেদন করেন। তাঁর আইনজীবী জানান, শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য রাখার অনুরোধ করা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত শয্যার অভাবে ভর্তি নিতে অক্ষমতা প্রকাশ করে।
গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও একজন অভিযুক্ত হিসেবে রয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ চলছে।