ভারতের মেঘালয় ও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক জেলেদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তাঁদের স্বজনেরা। তাঁরা বলছেন, কুড়িগ্রামের সাতজন জেলে ভারতের মেঘালয়ে এবং আরও দেড় শতাধিক জেলে মিয়ানমারে আটক রয়েছেন। তাঁদের মুক্তিতে এখনই সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
আজ সোমবার ঢাকার পুরানা পল্টনের তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়। রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং জেলেদের স্বজনেরা এই সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাবেক সভাপতি নাহিদ হাসান।
তিনি জানান, ২০২৪ সালের ৪ নভেম্বর কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার সাতজন জেলে ভুলবশত ভারতের সীমানায় প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে। পরে তাঁদের মেঘালয়ের কালাইচরে পাঠানো হয়। একজন ভারতীয় আইনজীবীর মাধ্যমে তাঁদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সর্বশেষ শুনানি হয়েছে চলতি বছরের ২১ এপ্রিল।
এদিকে মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি উঠে আসে ১১ সেপ্টেম্বর এক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে। তাতে বলা হয়, কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে তুলে নিয়ে যায় সশস্ত্র আরাকান আর্মি। এর আগে একইভাবে আরও ৮১ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় ট্রলার মালিক সমিতির বরাতে জানানো হয়, সাগরে মাছ ধরার সময় হঠাৎ অস্ত্রের মুখে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগের খবর মেলেনি।
সংবাদ সম্মেলনে জেলেদের পরিবারগুলোর দুর্দশার কথা তুলে ধরা হয়। আটক জেলে বকুলের শাশুড়ি জমিলা বেগম বলেন, “আমরা গরিব মানুষ। মাছ ধরতেই ভুলে সীমান্ত পার হয়েছে। সরকার যেন আমাদের সন্তানদের ফিরিয়ে আনে।” অপর এক জেলে মোহাম্মদ বিপ্লব মিয়ার স্ত্রী কাজলী বেগম বলেন, “স্বামী না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ওকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”
নাহিদ হাসান বলেন, “এর আগে ২৬ জন জেলেকে একই প্রক্রিয়ায় ফিরিয়ে আনা গেলেও এবার তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সীমান্ত অতিক্রম ছিল অনিচ্ছাকৃত। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন সক্রিয় ভূমিকা রাখা জরুরি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ ভূমি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও কৃষক সংগঠনের নেতারা। তাঁরা অবিলম্বে জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।