দেশের কৃষি উৎপাদন আরও বাড়াতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মাটি অত্যন্ত উর্বর—সময়মতো সেচের ব্যবস্থা নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কোনো মানুষকে খাদ্যের জন্য কষ্ট পেতে হবে না।
শনিবার (দুপুর আড়াইটা) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উপকার করা হচ্ছে। কৃষকরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হচ্ছে। প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন, যা পরিবার ও সন্তানের স্বাস্থ্যসেবায় কাজে লাগানো যাবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে এবং আগামী বাজেটে এর পরিমাণ আরও বাড়ানো হবে।
নারী শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পূর্বে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা থাকলেও এবার স্নাতক পর্যন্ত তা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা নেওয়া হবে। নারীদের স্বাবলম্বী না করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের অন্যান্য উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখননের পাশাপাশি তরুণদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং দেশে কর্মসংস্থান বাড়ানো হবে।
তিনি উপস্থিত সবাইকে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে বাংলাদেশকে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ দলীয় নেতাকর্মীরা।