রাজধানীর বুড়িগঙ্গা নদীতে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও ঐতিহাসিক নৌকা বাইচ। ‘হৃদয়ে ঢাকা ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত এ নৌকা বাইচ ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে নদীর তীরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, হামিদুর রহমান হামিদ এমপি এবং ইঞ্জিনিয়ার ইশরাক।
বুড়িগঙ্গার বুকে ঐতিহ্যের পুনর্জাগরণ
বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে বুড়িগঙ্গার নদীবক্ষে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগী নৌকাগুলো নদীর বুকে ছুটে চলার দৃশ্য উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।
আয়োজকরা জানান, ‘হৃদয়ে ঢাকা ২০১৬’ উদযাপনের মধ্য দিয়ে ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অতিথিদের উপস্থিতিতে জমে ওঠে আয়োজন
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে নৌকা বাইচের আনুষ্ঠানিকতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বুড়িগঙ্গা নদীকে ঘিরে এমন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিত আয়োজনের মাধ্যমে ঢাকার হারিয়ে যাওয়া নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।







