ফকিরহাট উপজেলার ফলতিতা ও কলকলিয়া এলাকায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় পৃথক পৃথক মামলায় ১লাখ ৫৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কলকলিয়া ব্রীজ এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে ফলতিতা মাছের আড়তে দুইটি ডিপো লাইসেন্স বিহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা ও ওজন এ কারসাজি করার অভিযোগে পৃথক দুটি মামলায় ৪হাজার টাকা জরিমানা করেন। মৎস্য ও মৎস্যজাত পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২০ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার অভিযানকালে এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ সহ ফকিরহাট মডেল থানার পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, ফকিরহাট ইউএনও স্যারের তড়িৎ নিদের্শনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া মৎস্য ডিপোতে লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কারসাজির প্রমাণ পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।