চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সফল সংগঠন হিসেবে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক এস এম জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জহুরুল হক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যায় এই সম্মাননা তুলে দেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন।
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্বীকৃতি
১৯৯০ সালে বরিশালের মুলাদীতে সাংবাদিকতা শুরু করেন এস এম জহিরুল ইসলাম। ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন মুলাদী প্রেস ক্লাব। এর পর ঢাকায় এসে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও টেলিভিশন চ্যানেলে কাজ করে তিনি গড়ে তোলেন এক সমৃদ্ধ পেশাগত ক্যারিয়ার। বর্তমানে তিনি দৈনিক ‘ঘোষণা’-এর প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সিনিয়র সদস্য এবং রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান হিসেবে তৃণমূল সাংবাদিকতার উন্নয়নে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সম্মাননায় শুভেচ্ছা
সিআরএ সম্মাননা প্রাপ্তির পর নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এস এম জহিরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিকতা পেশায় তার ধারাবাহিক অবদানকে এ সম্মাননা আরও অনুপ্রেরণা যোগাবে বলে মত প্রকাশ করেছেন সহকর্মীরা।