নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৮৩ নং বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল তছনছ করেছে চোরেরা। এ সময় বিদ্যালয় থেকে একটি ইলেকট্রিক চুলা ও একটি ফ্যান নিয়ে গেছে তারা।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের পার্শ্ববর্তী লোকজনের মাধ্যমে চুরির খবর পেয়ে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা দেখতে পান। প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা জানান, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে তিনি দেখেন, নিচতলার একটি শ্রেণিকক্ষ, অফিসকক্ষ এবং দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির কেচি গেটের তালা ভাঙা। চোরেরা ওই পথ দিয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে।
পরে অফিসকক্ষের তিনটি আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। বিদ্যালয়ের একটি ইলেকট্রিক চুলা ও ফ্যানও চুরি করে নিয়ে যায় চোরেরা।
বিদ্যালয়ের পাশের কয়েকজন বাসিন্দা জানান, রাতে বিদ্যালয় এলাকা নিরব হয়ে গেলে সেখানে বখাটেদের মাদকের আড্ডা বসে। মাদকের টাকা জোগাড় করতে এসব চুরি হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, তিনি মুঠোফোনে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। দ্রুত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





