জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব সীমাবদ্ধতা ও ব্যর্থতার দায় নিতে হচ্ছে তাদের দলকে, যদিও বিএনপি ও অন্য দলগুলোরও অংশ রয়েছে।
শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ তৃতীয় সংলাপে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ আমাদের থেকে নতুনত্ব ও পরিবর্তন প্রত্যাশা করছে। মিডিয়া এবং সেনাবাহিনীর একাংশ দেশের বিরুদ্ধে কাজ করছে, যাদের বিরুদ্ধে আমরা এককভাবে লড়াই করছি। আমরা মিডিয়ার সামনে সরাসরি সত্য ও মিথ্যা আলাদা করছি।”
তিনি আরও অভিযোগ করেন যে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হরণ করা হচ্ছে।
গঠনের পর থেকে দলের অর্জন যথেষ্ট উল্লেখযোগ্য বলে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের ভুল-ত্রুটি রয়েছে, তা আমরা স্বীকার করি এবং পর্যবেক্ষণ করি। জনগণ যদি পরামর্শ দেয়, আমরা তা গ্রহণ করে দেশের স্বার্থে রাজনীতি করবো।”
হাসনাত আরও উল্লেখ করেন, রাজনীতি যেন ব্যবসায়ীদের দখলে না চলে, রাজনীতির নিয়ন্ত্রণ অবশ্যই রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।