চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউনিয়ন পরিষদের সদস্যের স্ত্রী এবং আরও একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী শাহিনা বেগম (৪০) ও স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা গাজী (৩০) কে আটক করা হয়।
অভিযানের সময় বাড়ি থেকে জামের মতো কালো কসটেপ দিয়ে মোড়ানো ১৯টি ইয়াবার প্যাকেট এবং নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
চাঁদপুর সদর থানার ওসি মো. বাহার মিয়া জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”