ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মূলত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নাম করে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা প্রদান কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই একটি ভিন্ন রূপ।
তিনি আরও বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ বলে যে মন্তব্য করেছিলেন, তাতে তিনি তীব্র সমালোচিত হন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করে এমন বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের লাগামছাড়া বক্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করবে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।







