
বগুড়ায় র্যাব-১২-এর পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেয়ারডিল ও ৮০ বোতল ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ও রাতে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, প্রথম অভিযানটি চালানো হয় বিকেল আনুমানিক ৫টার দিকে। বগুড়া সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়াগামী চারমাথা সড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট বসায় র্যাব। এ সময় নওগাঁ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে মোছাঃ লাইলী বেগম (৫০) ও মোছাঃ মর্জিনা বেগম (৫০) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ৭০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সোয়া ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী ‘আহাদ পরিবহন’-এর একটি বাস তল্লাশি করে আনজুরা (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ওই নারী তাঁর ৯ মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে অভিনব কায়দায় ৮০ বোতল ইস্কাফ বহন করছিলেন। তাঁর কাছ থেকেও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাঁদের যথাক্রমে বগুড়া সদর থানা ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে র্যাব এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







