বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হারুন হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ শওকত হোসেনের নেতৃত্বে আমতলী থানা পুলিশের একটি দল আমতলী থানার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আদেল উদ্দিন হাওলাদারের বাড়ির সামনে জামে মসজিদের পূর্ব পাশে সন্দেহভাজন অবস্থায় থাকা মোঃ হারুন হাওলাদারকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হারুন হাওলাদার ওই এলাকার মোঃ ইছাহাক আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







