রাজধানীর লালবাগ এলাকায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে “লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “লালবাগসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ আমাদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সহায়ক হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে এই হাসপাতালটি এলাকায় চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।