পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা র্যালিতে অংশ নেন।
র্যালিটি দীঘিনালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি তাঁর দেখানো পথে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, দীঘিনালা, খাগড়াছড়ি। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







