দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। তার ছেলে মিরাজুল মইন কানাডা থেকে ভার্চুয়ালি নিসচা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।
ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ এবং ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন। তিনি বর্তমানে মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। জামাতা আরিফুল ইসলাম জানান, তিনি গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন এবং হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ডা. ভিনায়ারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করলে জীবন ঝুঁকি ও প্যারালাইজড হওয়ার আশঙ্কা থাকায় চিকিৎসকেরা পরামর্শ অনুযায়ী আংশিক অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচারের পর টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গত শুক্রবার থেকে ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে। এরপর চার সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন ইলিয়াস কাঞ্চন।
দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন থেকে ঘরবন্দী জীবন তাকে বিচলিত করছে। থেরাপির কারণে শরীরে ক্লান্তি এবং কথা বলতেও অসুবিধা হচ্ছে, এজন্য চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন।
ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর পাশে রয়েছেন। দেশের মানুষের শুভকামনাও তাঁর জন্য এক বড় সহায়ক।