
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
সভায় ইউএনও বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
এ সময় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও সফল হবে।”
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জোরদার করা হবে।




