ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকলো না।
সোমবার (১ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন। এর আগে, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন।
রিট আবেদনে অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়া ফরহাদকে অবৈধভাবে বাতিল করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট রায়ে বলেন, ফরহাদ যেন নির্বাচন ট্রাইব্যুনালে সব প্রমাণসহ অভিযোগ করেন। ট্রাইব্যুনালকে তা গ্রহণ করে সকল পক্ষের শুনানি নিয়ে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজকের শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন।