বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুর রহমান হামিদ-এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, রাজনৈতিক অঙ্গন এবং স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন এক ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন মহীয়সী নারী।
মরহুমার জানাজা দুটি ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর বাসভবনের পাশে পুকুরপাড় মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর রাত ১০টায় সাতরওজা মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী অংশ নেন।
হামিদুর রহমান হামিদ এক শোকবার্তায় বলেন, “আমার মা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা, স্নেহময়ী ও ধর্মপ্রাণ একজন মানুষ। তাঁর শূন্যতা আমাদের জন্য কখনো পূরণ হওয়ার নয়। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দেন।”
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আগামী শুক্রবার মরহুমার রূহের মাগফিরাত কামনায় স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা সবাইকে সেখানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।