জয়পুরহাট জেলার আক্কেলপুরে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাত প্রায় পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার দক্ষিণে লাইনচ্যুত হয়। ট্রেনটির বাকি পাঁচটি বগি বর্তমানে জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে।
আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে একটি বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জানানো হয়। এরপর ট্রেনটি ভদ্রকালী এলাকায় গিয়ে থামে এবং সেখানেই বগিটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত বগিটি অপসারণ না করা পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে না। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সকল ট্রেন চলাচল স্থগিত থাকবে।