বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ১২ জন আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। জামিন নামঞ্জুরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জামিন না পাওয়া আইনজীবীরা হলেন— বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল এবং আমিরুল ইসলাম মিলন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় দুই বছর পর ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ওই দিন সকালে আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে ১৫৮ জন নেতাকর্মী বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি করেন।
মামলার আসামিরা চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন লাভ করেন। পরবর্তীতে ২১ জুলাই তারা বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় আদালতে হাজির হয়ে জামিন চাইলেও আজ (২ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন।