রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
রাকসু কোষাধ্যক্ষ ভবনে অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদ ও সিনেটের জন্য এবং সংশ্লিষ্ট হল অফিস থেকে হল সংসদের জন্য ফরম সংগ্রহ করা যাচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রার্থীদের পদ অনুযায়ী ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদ ও সিনেটের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, “নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টিতে, সিনেট ছাত্র প্রতিনিধি ৫টি এবং হল সংসদের ১৭টির মধ্যে ১৫টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন ফরম সংগ্রহ চলবে আগামী ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ আগস্ট। নির্বাচনের দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্রদের মাঝে নির্বাচনী আমেজ ইতোমধ্যেই লক্ষ করা যাচ্ছে।