ইলিশের বাজারে অযৌক্তিক দাম বৃদ্ধি রোধে চাঁদপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে জেলার সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় মাছঘাটে অবস্থানরত ইলিশ ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক জানান, “এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে ইলিশের দাম স্থিতিশীল রাখা, ক্রেতাদের অধিকার রক্ষা করা এবং ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা আড়তদার, খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছি।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে মূল্য বৃদ্ধি করে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।