ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর সহসভাপতি পদপ্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, প্রশাসন একাধিকবার একটি দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ করেছে এবং এখনও তা বন্ধ হচ্ছে না, যা দুঃখজনক।
রোববার দুপুরে বিজনেস ফ্যাকাল্টির সামনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম বলেন, “আমরা ডাকসুর নির্বাচনী পরিবেশ সুস্থ রাখতে চাই। তবে পরীক্ষা হওয়ার কারণে নির্বাচনের কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যাতে সকল পরীক্ষা ৯ সেপ্টেম্বরের পর অনুষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানি চলছে। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেন সবাই একই সুযোগ পায়।”
অন্যদিকে, একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, “নারী প্রার্থীদের নামে অপপ্রচার এবং ভিডিও এডিট করে অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ছে, যেগুলো একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে চালানো হচ্ছে। এই ধরনের কাজ নিন্দনীয় এবং দায়িত্বশীল পক্ষ থেকে হওয়া উচিত নয়।”
তিনি আরও অভিযোগ করেন, “অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনও উদ্যোগ নিচ্ছে না। কমিশন একটি দলের প্রতি পক্ষপাত প্রদর্শন করছে, যা আগেও ঘটেছে।”