বলিউডে দীর্ঘ সময় ধরে সফল দাম্পত্য জীবন কাটানো দম্পতিদের তালিকায় গোবিন্দ ও সুনীতা আহুজার নাম বেশ সম্মানের সঙ্গেই উচ্চারিত হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক ঘিরে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে একটি পুরনো সাক্ষাৎকার।
সুনীতা আহুজা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি মজা করে বললেও কিছু মন্তব্য ঘিরে এখন গাঢ় হয়েছে সম্পর্কের ভাঙনের শঙ্কা।
সাক্ষাৎকারে সুনীতা বলেন, একসময় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন মজা করে গোবিন্দকে বলেছিলেন, “ইশ, আগে যদি তোকে পেতাম, তাহলে তোকে-ই বিয়ে করতাম।” উত্তরে সুনীতা ঠাট্টার ছলেই বলেছিলেন, “নিয়ে যা, আমার কিছু যায়-আসে না।”
তবে এই ধরনের কথাবার্তা একসময় যেটা শুধুই হাস্যরসের অংশ ছিল, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুনীতার মধ্যে শঙ্কা তৈরি করেছে। তার ভাষায়, “আগে এসব কথা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এখন বয়স ৬০ পার করায় ভয় লাগে।”
গোবিন্দের আচরণেও এসেছে কিছু পরিবর্তন, এমনটিই দাবি করেছেন সুনীতা। তিনি বলেন, “আগে ও এত ফাঁকা সময় পেত না। পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকত। এখন বাসায় বেশি সময় কাটায়, আর তাতেই ভয় লাগে— যদি কখনও কিছু করে ফেলে!”
এছাড়াও তিনি তাদের ‘দ্য কপিল শর্মা শো’-তে অংশগ্রহণের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। মজার ছলে বললেও, তিনি গোবিন্দকে সতর্ক করে বলেছিলেন, “জীবনে এমন কিছু কোরো না, যাতে আমাকে পরে আফসোস করতে হয়।”
এই মন্তব্যগুলো সামনে আসার পর থেকেই বলিউডে জোর গুঞ্জন— তবে কি তিন দশকের বেশি সময়ের সম্পর্কের ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা? যদিও এখন পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়ে কিছু জানাননি।
ভবিষ্যৎ কী নিয়ে আসছে, তা সময়ই বলে দেবে। তবে এই জুটির প্রতি ভক্তদের প্রত্যাশা, তারা আবারও একসঙ্গে তাদের বন্ধনকে শক্ত করতে পারবেন।