সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কালবেলার তারাবেলা’-তে অতিথি হয়ে এসেছিলেন রাশিয়ান মডেল মনিকা কবির। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই বিদেশি সুন্দরী। তিনি জানান, তার জীবনের অভিজ্ঞতা এতটাই বৈচিত্র্যময় যে, তা থেকে অনায়াসেই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার গল্প তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানটি চলাকালে উপস্থাপিকা মনিকাকে প্রশ্ন করেন, যদি তিনি নিজেই কোনো সিনেমা বানান, তাহলে সেটিতে কোন নায়ককে তিনি অভিনয়ের জন্য পছন্দ করবেন—বলিউড কিং শাহরুখ খান, না কি অন্য কেউ? উত্তরে হেসে মনিকা বলেন, “শাহরুখ খান তো এখন বয়স্ক হয়ে যাচ্ছেন। আমি যদি সিনেমা বানাই, তাহলে সেটা হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। এতদিন কেউ অপেক্ষা করে না, শাহরুখও না।”
এরপর উপস্থাপিকা জানতে চান, বাংলাদেশের কোনো অভিনেতার সঙ্গে কাজ করতে তার আগ্রহ আছে কি না। মনিকা খানিকটা বাংলায় উত্তর দেন, “আছে একজন, যিনি অনেক বিদেশি নায়িকার সঙ্গে কাজ করেন।” দর্শকরা তখনই আন্দাজ করে নেন, তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর কথা বলছেন।
মনিকা সরাসরিই বলেন, “শাকিব খান এমন একজন তারকা, যিনি বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করেও সিনেমা হিট করাতে পারেন। তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য লাভজনক হবে।”
উল্লেখ্য, মনিকা কবির মডেলিং ছাড়াও আন্তর্জাতিক কিছু প্রজেক্টে কাজ করেছেন এবং বর্তমানে দক্ষিণ এশিয়ার বিনোদন জগতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন।