সদ্যই বিজয় বর্মার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের পর থেকেই পুরুষদের নিয়ে তার বক্তব্য অনেকটাই উন্মুক্ত ও আন্তরিক হয়ে উঠেছে। সম্প্রতি তামান্না একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, যেখানে তিনি পুরুষদের প্রতি একটি আবেগঘন অনুরোধ করেছেন।
তামান্না শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ নামের সিরিজে শিখা চরিত্রে অভিনয় করবেন। গত শুক্রবার মুম্বাইতে সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামান্না তাঁর চরিত্র এবং ব্যক্তিগত জীবনের কিছু কথা শেয়ার করেন। তিনি জানান, এই চরিত্র তাকে নতুন দৃষ্টিকোণ থেকে নিজেকে প্রকাশ করার সুযোগ দিয়েছে।
তিনি বলেন, “সাধারণত শুনতে পাই, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। কিন্তু আমার বিশ্বাস, নারীদের সফলতার পেছনেও পুরুষদের সমর্থন সমান গুরুত্বপূর্ণ। আমার বাবা এবং ভাই আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। তাদের ভালোবাসা আর সাহচর্য ছাড়া আমি আজ এখানে আসতে পারতাম না।”
এছাড়া তামান্না একটি আবেগঘন বার্তা দিয়ে বলেন, “আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন নিজের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান এবং তাদের স্বপ্ন পূরণের সাহস যোগান।”
তামান্না ও বিজয়ের সম্পর্ক দীর্ঘ দুই বছর চলেছিল। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির শুটিংয়ের সময় তাদের প্রেমের শুরু। একাধিক পাবলিক ইভেন্টে তারা একসঙ্গে উপস্থিত থাকতেন এবং তাদের সম্পর্ক নিয়ে কখনো গোপন ছিল না। কিন্তু দু’বছর পর এই সম্পর্ক ভেঙে যায়। যদিও তামান্না নিজে এখনও সম্পর্ক ভাঙ্গার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, শোনা যায়, বিয়ের বিষয়ে তার ইচ্ছা থাকলেও বিজয় রাজি হননি।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে যতই পার্থক্য থাকুক, তামান্নার এই মেসেজ স্পষ্ট করেছে, পুরুষ এবং নারীর পারস্পরিক সমর্থন জীবনে কতটা গুরুত্বপূর্ণ।