খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদে দেখতে চান নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন নির্যাতন, হামলা ও গুমের শিকার হলেও বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াননি। বক্তারা আরও জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি এবং জনগণের ভোটেই তারা বিজয় অর্জন করবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠনের ভেতরে শক্তিশালী ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।