বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম বিদ্যমান। এ কারণে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাচ্ছে। তিনি ঘোষণা দেন- যেই হোক- চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা, তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। আর শেখ হাসিনার মতো কাউকে আর একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।
তিনি সমালোচনা করে বলেন- শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যা করতে পারেনি, তা আজ বিএনপির ছাত্রদল শুরু করেছে। তারা স্কুল পর্যায়ে কমিটি গঠন করছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির নামে নোংরা চর্চায় কলুষিত হতে দেওয়া হবে না। আমরা তা প্রতিরোধ করব।
এনসিপির এই মুখ্য সংগঠক স্পষ্ট করে জানান, তাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বরং বিএনপি বা অন্য কোনো দল ভালো কাজ করলে তাদের সম্মান জানানো হবে। কিন্তু কোনো অপকর্ম হলে তা প্রতিরোধ করা হবে। তিনি সতর্ক করে বলেন- যে অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা আর সহ্য করা হবে না।
পঞ্চগড়ের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা এনসিপির নতুন কর্মীদের হুমকি দিচ্ছে। দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি এটিকে দেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য “ভয়ংকর দৃষ্টান্ত” বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।