বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ-বিদেশি ষড়যন্ত্র এখন তীব্রভাবে সক্রিয়। এসব ষড়যন্ত্রের মূল লক্ষ্য জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী আদর্শ। তিনি দাবি করেন, এ ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট ও বিভিন্নস্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টাও চলছে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “গণতন্ত্রবিরোধীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা নানা কৌশলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। দীর্ঘ দেড় যুগ ধরে দেশের তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত। তাদের ধৈর্যরে সীমা আছে, ভোট নিয়ে আর কোনো ষড়যন্ত্র হলে তারা সেটা মেনে নেবে না।”
তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার গভীর পরিকল্পনা চলছে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ দেশ এখন এক ভয়ঙ্কর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে।”
এ্যাব নেতাদের উদ্দেশে রিজভী বলেন, “বুয়েটসহ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা মেধাবীদের সংগঠন এ্যাব। আপনাদের অভিজ্ঞতা ও মেধাকে জাতীয় পুনর্গঠনে কাজে লাগাতে চায় বিএনপি। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের রূপরেখায় এ্যাবের মতামতকে গুরুত্ব দেবে বিএনপি।”
তিনি আরও বলেন, “যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রকৃত উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে পারে না। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিজভীর এ বক্তব্যে স্পষ্ট যে, বিএনপি এখন একদিকে অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি জোরদারে মনোযোগী, অপরদিকে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায়। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানের ডাক দিয়ে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।