রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকার মো. জাকির হোসেন ও নুরজাহান বেগম দম্পতির কন্যা।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জান্নাতারা রুমী ওই এলাকায় বসবাসকালে এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে দলে তার সুনির্দিষ্ট পদবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। পুলিশ আরও জানায়, পারিবারিক কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।