যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সোমবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে আবুল হোসেন আজাদের দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত সকল কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করা হয়। যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় তা বৈধ বলে ঘোষণা করেন।
শুনানিকালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও প্রার্থীর আইনজীবী, প্রতিনিধিবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, “আমি কেশবপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের প্রত্যাশা। নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও কর্মীদের নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কেশবপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।