
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাাধীন ভবানীপুর বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবক রাকিব আহমেদ রায়হান ও অমিত দাস।
নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে তারা স্বেচ্ছাসেবীভাবে প্রতিদিন বাজার এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন না মানার কারণে যে যানজট সৃষ্টি হতো, তাদের সক্রিয়তায় তা অনেকাংশে কমে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, আগে সামান্য কারণেই ভবানীপুর বাজার এলাকায় তীব্র যানজট দেখা দিত। বর্তমানে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে চালকরা নিয়ম মেনে চলতে উৎসাহিত হচ্ছেন এবং পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারছেন।
রাকিব আহমেদ রায়হান ও অমিত দাস জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে সড়ক আরও নিরাপদ হবে।
এলাকাবাসী মনে করেন, এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ যানজট নিরসনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই দুই স্বেচ্ছাসেবকের মানবিক ও সামাজিক দায়িত্ববোধকে সাধুবাদ জানান।




