আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন মাননীয় রেলমন্ত্রী শেখ রবিউল আলম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত তারা স্টেশনটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা সদস্য এবং যাত্রী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীদ্বয় কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, যাত্রী অপেক্ষাগার এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখেন। ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের ভিড়, ট্রেনের সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তারা। এ সময় যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মন্ত্রীদ্বয় ঢাকা রেলওয়ে পুলিশের উদ্যোগে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার হেল্প ডেস্ক’-এর শুভ উদ্বোধন করেন। এই হেল্প ডেস্কের মাধ্যমে যাত্রীদের হারিয়ে যাওয়া মালামাল খুঁজে পেতে সহায়তা করা হবে এবং প্রয়োজনে তা দ্রুত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টরা জানান, ঈদ যাত্রার সময় যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় প্রায়ই মালামাল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে সহায়তা পেতে পারেন।
পরিদর্শনকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মন্ত্রীদ্বয়। রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তারা, যাতে যাত্রীরা নির্বিঘ্নে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “আজ থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে। আমি নিজে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক দিক।”
তিনি আরও বলেন, বর্তমানে রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ঈদ উপলক্ষে নেওয়া সেবামূলক কার্যক্রমগুলো ঈদের পরেও বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শন শেষে মন্ত্রীদ্বয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে এবারের ঈদ যাত্রা যাত্রীদের জন্য আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।