
স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সদস্যদের কল্যাণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সকাল ৮টায় নাটোর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
প্যারেড শেষে পুলিশ সুপার যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, ক্যান্টিন, পুলিশ হাসপাতাল, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিসসহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি প্যারেডের শৃঙ্খলা ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খেলাধুলার চর্চা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী।
পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। সভায় বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সমস্যা, মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ সহকারে শুনে কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।
সভায় তিনি সততা, সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া অস্ত্র উদ্ধারকারী এক কর্মকর্তার হাতে রাজশাহী রেঞ্জের ডিআইজি প্রদত্ত সম্মাননা স্মারক তুলে দেন তিনি।
দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা তুলে ধরেন উদয় কুমার সাহা।
সভায় অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




