
বগুড়ার কাহালু উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার চারজন মাছ ব্যবসায়ী নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের মাছ ব্যবসায়ী ফরিদুলের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তবে নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





