আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর নতুন দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে আরও দুই মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঘোষণা করে। এর আগে তিন দফায় সময় বৃদ্ধি করা হয়েছিল।
মামলার মোট ১১ জন আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বর্তমানে একমাত্র গ্রেফতার আসামি জিয়াউল আহসানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট এ মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।