কক্সবাজারে শুরু হয়েছে রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তাসহ আন্তর্জাতিক সংস্থার সদস্যরা।
সম্মেলনের মূল শিরোনাম “টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”। এটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।
প্রথম দিন, ২৪ আগস্ট (রোববার) উখিয়ার ইনানীতে অবস্থিত হোটেল বেওয়াচে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের উপায় খোঁজার ওপর। পাশাপাশি, রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং উদ্বাস্তুদের মানসিক শক্তি বৃদ্ধির বিষয়েও আলোচনা হচ্ছে।
সোমবার সকাল ১০টায় সম্মেলনে যোগ দিতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বেলা ১১টায় তিনি সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
সম্মেলনের শেষ দিন, ২৬ আগস্ট (মঙ্গলবার), বিদেশি অতিথিরা সরেজমিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।