
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এর আগে, দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বিকেল পৌনে ৫টার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।
জিয়ারত শেষে বিকেল ৫টা ৪ মিনিটে একই বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তিনি এবং দীর্ঘ সফর শেষে রাতে সেখানে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




