এম এম সাজ্জাদুল ইসলাম লিপটন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লাহাট বাজারের একজন পরিচিত টেইলর স্বপন কর (৫২) গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে বর্তমানে তিনি চিকিৎসা চালিয়ে নিতে পারছেন না।
স্বপন কর মৃত: যতীন্দ্রনাথ করের পুত্র। তাঁর বাড়ি মোল্লাহাট উপজেলার ঘোড়াদাইড় গ্রামে। একসময় তিনি মোল্লাহাট বাজারে টেইলর্সের দোকান চালিয়ে পরিবার নিয়ে কোনোরকমে জীবনযাপন করলেও অসুস্থতার কারণে বর্তমানে তিনি সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, তাঁর কোনো নিজস্ব জমি বা স্থায়ী সম্পদ নেই। নেই অন্য কোনো আয়ের উৎসও। ফলে চিকিৎসা ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালিয়ে নেওয়া তাঁর পরিবারের পক্ষে দিন দিন আরও কষ্টসাধ্য হয়ে উঠছে। বর্তমানে তিনি বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন।
এমন সংকটময় পরিস্থিতিতে স্বপন করের চিকিৎসা ও জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তি, বিত্তবান ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের কাছে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৯৭০১৬৩৮৬৫
পরিবারের সদস্যরা জানান, সমাজের সহানুভূতিশীল মানুষের সামান্য সহযোগিতাই একজন অসুস্থ মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে।