আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে ২০ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট হংকং। এবারের টুর্নামেন্ট দিয়েই নিজেদের প্রস্তুতির সূচনা করতে চায় দলটি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের বহর (খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফসহ) নিয়ে অংশ নিতে পারবে। এ সুযোগ কাজে লাগিয়ে হংকং বড় স্কোয়াড গঠন করেছে।
দলের প্রধান কোচ কুশল সিলভা বলেন, “এশিয়া কাপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সফর। আমরা বড় স্কোয়াডের মাধ্যমে খেলোয়াড়দের ভালোভাবে মূল্যায়নের সুযোগ পাবো। একই সঙ্গে তারা নিজেদের স্কিল উন্নয়নের পাশাপাশি জয়ের মানসিকতাও তৈরি করতে পারবে।”
দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন ব্যাটার বাবর হায়াত, যিনি ২০১৬ সালের এশিয়া কাপে ওমানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন।
হংকং এবার পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ এবং ২০২২ সালে তারা অংশ নিয়েছিল।
এবার ‘বি’ গ্রুপে থাকা হংকং ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।
হংকং দলের স্কোয়াড:
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ ও এহসান খান।