ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারার অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংগঠন ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করছে।
তিনি বলেন, “মনে রেখ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের ভোটকেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ।”
অন্যদিকে, সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।
বিকাল ৩টার দিকে সিনেট ভবনে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের জানান, “বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪টার সময়সীমার পরও যদি কোনো শিক্ষার্থী লাইনে থাকেন, তাঁদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।”
তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে কার্জন হলে একটি ব্যালট সংক্রান্ত ভুলের ঘটনা ঘটেছে। জানা গেছে, এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়া হয়। বিষয়টি দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। উপাচার্য জানান, এ ঘটনায় প্রাথমিক ব্যবস্থা নেওয়া হলেও পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।