মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত কুড়ি কুড়ির লড়াইয়ে এবার বাঁচা-মরার ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ফাইনালে যেতে হলে জিততেই হবে- এই কঠিন সমীকরণ সামনে রেখে একাদশে বড় পরিবর্তন দেখা যেতে পারে।
ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল। ইনজুরির কারণে খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে। তাদের কয়েকজন ফিরতে পারেন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে।
লিটন দাসের ফেরা নিয়ে আশাবাদ
লিটনের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে তাকে পাওয়া যেতে পারে। তিনি ফিট হলে ওপেনিংয়ে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে একসঙ্গে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে ইমন রেখেছিলেন ইতিবাচক প্রভাব, তাই তাকে রাখার সম্ভাবনা প্রবল।
মিডল অর্ডারে পরিবর্তনের আভাস
তিন নম্বরে লিটন ফিরলে সমস্যা কিছুটা মিটবে। তবে মিডল অর্ডারের বাজে পারফরম্যান্স বিবেচনায় শামিম হোসেনের পরিবর্তে নুরুল হাসান সোহানকে আনা হতে পারে। কিপিংয়ে জাকের আলী চাপের মুখে ছিলেন, তাকেও পরিবর্তন করার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
বোলিংয়ে ফিরছেন তাসকিন, সুযোগ পেতে পারেন নাসুমও
বোলিং বিভাগে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে একাদশে থাকা তানজিম হাসান সাকিবের জায়গায় পরিবর্তন হতে পারে। মুস্তাফিজুর রহমান থাকছেন অপরিবর্তিত। স্পিন বিভাগে শেখ মেহেদী এবং রিশাদ হোসেনের সঙ্গে নাসুম আহমেদকে বিবেচনায় রাখা হচ্ছে।
ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেছেন, “শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আছি। কালকের ম্যাচ শুধু পাকিস্তানের নয়, আমাদের জন্যও ফাইনালে ওঠার লড়াই। আমরা সাহস নিয়ে খেলব, ইনশাআল্লাহ।”
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী / নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন / নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।