শিক্ষা অর্জনের পরও যদি মানুষ নৈতিকতা হারায়, তবে তা সমাজের জন্য আরও ভয়াবহ এমন মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, “আজ যারা দুর্নীতি করছে, তারা অশিক্ষিত নয় বরং শিক্ষিত শ্রেণিই করছে।
রবিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুর রব বলেন, “শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানুষ গড়া, কিন্তু এখনকার শিক্ষা মানুষকে কেবল ডিগ্রিধারী করছে, বিবেকবান করছে না। যার ফলে সমাজে আজ বিবেকহীন শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঘুষ, মানি লন্ডারিং, দুর্নীতি এসব অপরাধে লিপ্ত শিক্ষিত শ্রেণি। কারণ তারা শুধু চাকরি পাওয়ার জন্য পড়েছে, মানুষ হওয়ার জন্য নয়।”
তিনি জাতিসংঘ ও ইউনেস্কো ঘোষিত এবারের শিক্ষক দিবসের থিম ‘সহযোগিতামূলক শিক্ষা’ প্রসঙ্গে বলেন, “এই থিম অবশ্যই ইতিবাচক, তবে সহযোগিতা যদি মানবতার বিপরীতে চলে, তাহলে তা বিপজ্জনক। যারা গাজায় আগুন জ্বালায়, আফগানিস্তান-সিরিয়াকে ধ্বংস করেছে তাদের সঙ্গে সহযোগিতা করা মানে নৈতিক পরাজয়।”
প্রফেসর রব বলেন, আজ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির শিখরে, মানুষ চাঁদ ও মঙ্গলগ্রহ জয় করছে, কিন্তু নিজের বিবেককে হেরে বসেছে। আত্মহত্যা, হিংসা, যৌন হয়রানি, সহিংসতা ও দুর্নীতির মূল কারণ হলো নৈতিকতার অভাব। তার ভাষায়, “বাংলাদেশের প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান, কিন্তু তবুও দেশের দুর্নীতি চিত্র ভয়াবহ। কারণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবেই এসব হচ্ছে।”
তিনি চারটি প্রধান ধর্ম ইসলাম, খ্রিষ্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের শিক্ষার উদাহরণ টেনে বলেন, সব ধর্মই সত্য, ন্যায়, ভালোবাসা ও সহমর্মিতার কথা বলে। কাজেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়।
ড. আব্দুর রব আরও বলেন, “শিক্ষক দিবস পালন এক দিনের ব্যাপার হতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষার দিন হওয়া উচিত প্রতিদিন। শিক্ষককেই জাতির বিবেক হিসেবে দায়িত্ব নিতে হবে। ন্যায়, সত্য ও বিবেকের পথে শিক্ষক সমাজকে পথ দেখাতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী।
আলোচনা সভায় বক্তারা নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।