মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় আরও ৭ জন আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নিষিদ্ধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক মামলার আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ও আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।