খাগড়াছড়ির দীঘিনালায় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। আগামীকাল শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে এই জমকালো আসরের পর্দা উঠবে। মাঠের তুমুল লড়াই আর শ্রেষ্ঠত্বের মুকুট জিততে এবারের টুর্নামেন্টে উপজেলার মোট ছয়টি শক্তিশালী দল অংশ নিতে যাচ্ছে।
এর আগে ২০২৪ সালে দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলেও, বিগত ২০২৫ সালে কোনো খেলা মাঠে গড়ায়নি। ফলে দীর্ঘ এক বছরের বিরতি কাটিয়ে চেনা মাঠে ফুটবল ফেরার এই আয়োজনকে ঘিরে পুরো উপজেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে, আর স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে টানটান উত্তেজনা।
শান্তি, সম্প্রীতি ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার এই আয়োজন নিয়ে দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, অতীতের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোন কাপের আয়োজন করা হয়েছে। এই উৎসবমুখর ক্রীড়া যজ্ঞকে সাফল্যমন্ডিত করতে তিনি দীঘিনালার সর্বস্তরের খেলাপ্রেমী ও সাধারণ জনগণকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।